এক উপজেলায় দুই এমপি, দৌলতপুরে বাড়ছে প্রত্যাশা

কুষ্টিয়া দৌলতপুর উপজেলা প্রতিনিধি ঃ এস এ আকাশ ইসলাম
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বর্তমানে দুইজন সংসদ সদস্য (এমপি) প্রতিনিধিত্ব করছেন—একজন সাধারণ আসন থেকে এবং অন্যজন সংরক্ষিত নারী আসন থেকে। বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। তিনি সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দৌলতপুর উপজেলার জনগণের প্রতিনিধিত্ব করছেন এবং এলাকার উন্নয়ন, অবকাঠামো ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন।
অন্যদিকে সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতি। বুধবার (৬ মে) জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করানো হয়।
সংবিধান অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত না হলেও তারা জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দেশের বিভিন্ন অঞ্চলের নারীসহ সাধারণ জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, দৌলতপুর উপজেলায় একজন সরাসরি নির্বাচিত এমপি এবং একজন সংরক্ষিত নারী এমপি থাকায় এলাকার উন্নয়ন কার্যক্রমে গতি আসতে পারে। বিশেষ করে নারী উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
তবে অনেকেই মনে করছেন, দুইজন এমপির কার্যক্রমের মধ্যে সমন্বয় থাকলে দৌলতপুর উপজেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। স্থানীয় জনগণ এখন তাকিয়ে আছে—এই দুই প্রতিনিধির সম্মিলিত উদ্যোগে কতটা পরিবর্তন আসে প্রিয় দৌলতপুরে।